কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব-২০২৬ এ উপলক্ষে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কোম্পানীগঞ্জ।
উৎসব উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বসুরহাট পৌরসভা বটতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হবে।
পরে দুপুর ১টায় বসুরহাট পৌরসভা এলাকার শ্রী শ্রী জগন্নাথ মন্দির চত্বরে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় গিতা পাঠ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।
অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাবু অরবিন্দ ভৌমিক।
পূজা উদযাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব বাবু অসীম মজুমদার জানান, ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শ্রীকৃষ্ণের আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হচ্ছে। এবার উৎসবে প্রায় সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করবে। উৎসবকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

