নোয়াখালী প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খোকন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
সভায় বক্তব্য দেন সিরাজপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মতিন, চাপরাশিরহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রইছ উদ্দিন মাসুদ, বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুলতান নাসির উদ্দীন মুন্না, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক জাহিদুর রহমান রিপন, বামনী মৎস্যচাষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি আনিসুল হক, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খোকন ও একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেনসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সমবায় খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা বৃদ্ধি, সমিতিগুলোর কার্যক্রম সম্প্রসারণ, সহজ শর্তে ঋণপ্রাপ্তি, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং সমবায়ীদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা কামনা করেন তাঁরা।
বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ সমবায়ের মূল ভিত্তি। সমবায়ের আদর্শ কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
Date:

