টাইম ডেস্ক:
দেশের চলমান সংকট ও ১২ দলীয় জোটের করণীয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে মতবিনিময় করেছেন জোটের শীর্ষ নেতারা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহম্মদ আজম খান এমপি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এমপি এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু উপস্থিত ছিলেন।
১২ দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র ও মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাশার, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এবং নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নানসহ জোটের শীর্ষ নেতারা।
সভায় রুহুল কবির রিজভী আহমেদ জোট নেতাদের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। অতীতের মতো ভবিষ্যতেও একসঙ্গে পথচলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে অতি শিগগিরই জোটের নেতাদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন বলে জানান।
মতবিনিময় সভায় ৭ নভেম্বর উপলক্ষে ১২ দলীয় জোটের করণীয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
অপর দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভী আহমেদকে ধন্যবাদ জানান জোটের নেতারা।

