বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

Date:

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের মূল ভিত্তি হলো শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকসমাজ। তবে একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের অন্যান্য বিভাগ যদি সচল ও সৎ না থাকে, তাহলে শিক্ষকরা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা অনেকটাই অমূলক। আমাদের শিক্ষকদের মনে ধারণ করা উচিত—আমরা শুধু শিক্ষক নই, আমরা একটি কারখানার শ্রমিক। আমরা মানুষ গড়ার কারখানায় শ্রম দিই। এটি পৃথিবীর অন্য সব কারখানা থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং একটি কারখানা।
একজন শিক্ষক হিসেবে আমার গভীর অনুধাবন হলো, শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হয়ে না ওঠার পেছনে সমাজ ও সংস্কৃতির প্রভাবের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর তা হলো ধর্মচর্চা ও নৈতিক বোধের অভাব। মানুষ পৃথিবীতে এসেছে মূলত সৃষ্টিকর্তার বিধান পালনের জন্য—এমন বিশ্বাস ধর্মীয় দৃষ্টিভঙ্গির অন্যতম ভিত্তি। অথচ বর্তমান সময়ে অনেক বুদ্ধিজীবী এ বিষয়টির সংজ্ঞা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন।
শ্রেণিকক্ষেও আমরা শিক্ষকদের এমন প্রশ্ন তুলতে দেখেছি—‘মানুষের জন্য ধর্ম, নাকি ধর্মের জন্য মানুষ?’ সে সময় অনেকেই যুক্তি দিতেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ ফলে ধারণাটি এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে, ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। সেই ধারণার ওপর ভিত্তি করেই আমাদের পথ চলতে হয়েছে।
কিন্তু আজ এই কথাগুলো আমার অন্তরে তীব্র প্রশ্নের জন্ম দিচ্ছে। ‘সবার উপরে মানুষ সত্য’—এই ধারণার অপব্যাখ্যার কারণে সমাজে আজ চরম মাত্রায় দুর্নীতি বৃদ্ধি পেয়েছে—এমন একটি ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে। কারণ, মানুষকে স্রষ্টার কাছে জবাবদিহির বিষয়টি থেকে বিচ্ছিন্ন করে কেবল মানবতাবাদী তত্ত্বের ওপর নির্ভর করলে অপরাধের নৈতিক দায়বদ্ধতা ও আত্মশুদ্ধির বিষয়টি দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে ধর্মীয় অনুশাসনও অবমূল্যায়িত হওয়ার আশঙ্কা থাকে।
অথচ পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে জানা যায়, মানুষ সৃষ্টির বহু আগেই সৃষ্টিকর্তার অস্তিত্ব ছিল এবং মানবজাতি সৃষ্টির আগেও তিনি অন্যান্য সৃষ্টিকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন এবং তাদের মধ্যে নবী ও কিতাব প্রেরণ করেছেন। যদি এসব মানুষের জীবন পরিচালনার জন্য পালনীয় না-ই হতো, তবে এর কোনো যৌক্তিকতা থাকত না।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে মানুষ সৃষ্টির ঘোষণা দিয়ে বললেন, ‘নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি।’ তখন ফেরেশতারা বলেছিলেন, ‘আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন, যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি।’ জবাবে আল্লাহ বললেন, ‘নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জানো না।’ এরপর আল্লাহ তাআলা আদম (আ.)-কে কাদামাটি দিয়ে সুষম অবয়বে সৃষ্টি করে তাঁর মধ্যে নিজ পক্ষ থেকে রূহ ফুঁকে দেন এবং তাঁকে যাবতীয় বস্তুর নাম ও জ্ঞান শিক্ষা দেন (সূরা আল-বাকারা: ৩০-৩১; সূরা আল-হিজর: ২৯)।
অতএব, ধর্মীয় জ্ঞান ও অনুশাসন ছাড়া প্রকৃত মানুষ হয়ে ওঠা কঠিন—এমন বিশ্বাস ধর্মীয় মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কারণ, এ পৃথিবী ও এর বিধান ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিতে সৃষ্টিকর্তার নির্ধারিত নিয়মের আওতাধীন।
বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে বাবা-মায়ের সন্তান, তাঁদের অনেকের উপার্জনে হালাল-হারামের বিষয়ে যথেষ্ট সচেতনতার ঘাটতি রয়েছে। এমনকি সন্তান জন্মের পূর্ববর্তী সময় ও দাম্পত্য জীবনেও ধর্মীয় বিধান ও অনুশাসন অনুসরণের বিষয়ে অনেকের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ফলে সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে এবং এর পরিণতি ও দায়ভারও শেষ পর্যন্ত সেই সন্তানদের বহন করতে হচ্ছে।
একজন নৈতিকতাবান শিক্ষক যতই আন্তরিকভাবে চেষ্টা করুন না কেন, পরিবার ও সমাজের এই কাঠামোগত সমস্যাগুলোর কারণে বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হয় না। ভবিষ্যতেও এ কাজটি কঠিন হয়ে উঠতে পারে। এভাবে পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা প্রদান ও গ্রহণের অনুকূল পরিবেশ এবং মানুষের সেই মানসিক প্রস্তুতি দিন দিন হারিয়ে যাচ্ছে।
তাই মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের যেমন নিজেদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে দৃঢ় হতে হবে, তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চার অনুকূল পরিবেশ তৈরিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মেছবাহ উদ্দিন
শিক্ষক ও সাংবাদিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...

জাসদ নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ’র শোক

টাইম ডেস্ক:জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক...

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...