কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং সুশাসন নিশ্চিত করাকে বাজেটের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান আয়-ব্যয়ের প্রস্তাব উপস্থাপন করে বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততার ভিত্তিতে বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করা হবে। আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই বর্তমান প্রশাসনের অঙ্গীকার।
প্রস্তাবিত বাজেটে মশক নিধন, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, জরাজীর্ণ সড়ক সংস্কার, গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীছাউনি নির্মাণ, পথচারীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বাজার এলাকার নিরাপত্তা জোরদারে রাতের প্রহরী নিয়োগের পরিকল্পনা রাখা হয়েছে। পাশাপাশি পৌর এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ও গুরুত্ব পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হাকিম, বিএনপি নেতা আব্দুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএইচএম মান্নান মুন্না, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হালিম উল্যাহ, হিসাব রক্ষণ কর্মকর্তা মাঈন উদ্দীন, হিসাব রক্ষক মনির আহাম্মদ মামুন, জামায়াতের উপজেলা আমির মোশাররফ হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, জনসম্পৃক্ততার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, বাজার এলাকার নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে বসুরহাট পৌরসভার নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

