নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুবাহী অবৈধ ট্রাক ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত মাইন উদ্দিন (দলিল লেখক) উপজেলার বাটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজ আদায় করে বসুরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় ভুঞারহাটের উদ্দেশে যাচ্ছিলেন মাইন উদ্দিন। পথে করালিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মাইন উদ্দিনসহ চারজন আহত হন। তাঁদের মধ্যে মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। পরে তিনি মারা যান।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা জানান, মাইন উদ্দিন ছিলেন হাসিখুশি ও সদালাপী মানুষ। সবার সঙ্গে আন্তরিকতা ও সম্মানের সঙ্গে কথা বলতেন।
এদিকে, কোম্পানীগঞ্জের সড়কে বেপরোয়া বালুবাহী ট্রাক চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, সড়কে আর কত প্রাণ ঝরলে এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন?
তাঁরা অবিলম্বে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল বন্ধ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

