নোয়াখালী প্রতিনিধি:
বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন নবান্ন পিঠা উৎসব ও উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবে দেশীয় ৫৯ ধরনের পিঠা প্রদর্শন করা হয়।
প্রদর্শনীতে ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, দুধকলি, দুধের পিঠা, পাকান, চিতই পিঠা, কেক, সন্দেশসহ নানা রকম বাহারি পিঠা স্থান পায়। শিক্ষার্থী ও অভিভাবকেরা নিজ নিজ বাড়িতে তৈরি পিঠা নিয়ে উৎসবে অংশ নেন। প্রতিটি পিঠার পাশে তার নাম ও পরিচিতি তুলে ধরা হয়। কিছু পিঠা ছিল পরিচিত, আবার কিছু ছিল নতুন ধরনের, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
এদিকে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা হলদে পাখির দল, স্টুডেন্ট স্কাউট দল ও ক্ষুদে ডাক্তার দলের কার্যক্রমও প্রদর্শন করে। হলদে পাখির দলের সদস্যরা সততা, সত্যবাদিতা, নৈতিকতা, শিষ্টাচার ও ভালো অভ্যাস গড়ে তোলার বিষয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরে।
স্টুডেন্ট স্কাউট দল নিয়ম মেনে চলা, সময়ানুবর্তিতা, সারিবদ্ধভাবে চলা ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার প্রদর্শনী করে। ক্ষুদে ডাক্তার দল বিদ্যালয়ের ছোটখাটো কাজে সহযোগিতা, অসুস্থ সহপাঠীর পাশে দাঁড়ানো এবং অন্যকে সহায়তা করার বিভিন্ন দিক তুলে ধরে।
উৎসব পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরুলা আক্তার, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, সাবেক সভাপতি সাহিদা আক্তার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক, বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: নূরুল ইসলাম,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. আবদুল্লাহ নয়ন, বিএনপি নেতা গোলাম রাব্বানী বিপ্লব ও রইছ উদ্দিন মাসুদ, অভিভাবক প্রতিনিধি নিমাই চন্দ্র দাস, অভিভাবক দেবী বালা দাস এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

