নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন-কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, কোম্পানীগঞ্জের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে পবিত্র গীতা পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ১০টার দিকে বসুরহাট পৌরসভা বটতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পরে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট জগ্ননাথ মন্দির কমপ্লেক্স গিয়ে শেষ হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও ভজন-কীর্তনের সুরে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রাটি বসুরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
পূজা উদ্যাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব বাবু অসীম মজুমদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক বাবু মাখল লাল মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন,শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সদস্যসচিব বাবু তুষার কান্তি ভৌমিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক অরবিন্দ ভৌমিক।
বক্তারা বলেন, ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা জরুরি। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
শোভাযাত্রা শেষে দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভার শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় গীতাপাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

