নোয়াখালী প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনক এর বার্ষিক নৈশভোজ ২০২৬ ও ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন। এতে শতাধিক আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার অব ল’ মোহাম্মদ এন. মজুমদার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি মঈন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ এবং প্রথম আলো সম্পাদক অ্যাডভোকেট মো. ইব্রাহিম চৌধুরী।
এ সময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন, অ্যাডভোকেট মো. মাসুদ শিকদার, অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা, অ্যাডভোকেট লোকমান আহমদ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সুইটিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
কমিউনিটি নেতাদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, আজমল হোসেন কুনু, ফিরোজ আহমেদ, জালালাবাদ সোসাইটির সভাপতি মো. বদরুল হায়দার, টাইম টিভির পরিচালক আবু তাহেরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন। প্রধান অতিথি বেলুন উত্তোলনের মাধ্যমে ম্যাগাজিন প্রকাশনা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সময়স্বল্পতার কারণে পূর্বনির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন। পরে অ্যাডভোকেট মাওলানা আশিক খানের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অতিথি, আইনজীবী, সংগঠনের সদস্য এবং কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

