কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার, বীজ, কীটনাশক ও কৃষি উপকরণ বিক্রির উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত বসুরহাট বাজারে অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দুটি প্রতিষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের সার, বীজ, কৃষি ওষুধ এবং কীটনাশক বিক্রির উদ্দেশ্যে দোকানের ডিসপ্লেতে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
আদালত এম ইসলাম অ্যান্ড ব্রাদার্স-কে ২০ হাজার টাকা এবং বসুরহাট বীজ ভান্ডার-কে ২ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় উভয় প্রতিষ্ঠানের মালিক জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

