এএইচএম মান্নান মুন্না :
নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামটির যুক্তরাষ্ট্র প্রবাসী বাসিন্দা মাঈন উদ্দীন বাবর আলীর বাড়ির সম্প্রতি বিদ্যুৎ সংযোগের সার্ভিস তার, নারিকেল, সুপারীসহ বিভিন্ন ফসল চুরির অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে।
এমন অভিযোগ শুধু প্রবাসী বাবর আলীর নয়,একই ধরনের অভিযোগ করেছেন মরহুম লোকমান মিয়ার সহধর্মিণীসহ স্থানীয় একাধিক নারী-পুরুষ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে একটি চক্র গ্রামজুড়ে চুরি চালিয়ে আসলেও কার্যকর প্রতিকার মিলছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েক দফায় প্রবাসী মাঈন উদ্দীন বাবর আলীর বাড়ির বিদ্যুৎ সংযোগের সার্ভিস তার কেটে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। একই সঙ্গে বাড়ির আঙিনার নারিকেল ও সুপারী গাছের ফলও চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন,বিদেশে থাকা স্বজনের কষ্টার্জিত অর্থে গড়া সম্পদ রক্ষা করাই এখন কঠিন হয়ে গেছে। বিদ্যুতের তার থেকে শুরু করে গাছের ফল পর্যন্ত কিছুই নিরাপদ নয়।
অন্যদিকে মরহুম লোকমান মিয়ার সহধর্মিণী ও সাবেক মহিলা কাউন্সিলর শাহীনুর আক্তার অভিযোগ করে বলেন, সাবেক এক পুরুষ কাউন্সিলর বাড়ীর ৫/৬ জন চোর চক্রের সদস্য রয়েছে। তারা এসে গাছের নারিকেল-সুপারী নিয়ে যায়। সকালে উঠে দেখি গাছ খালি। বারবার এমন ঘটনা ঘটলেও চোরদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। এমনকি তারা মদ গাঁজার সাথেও জড়িত রয়েছে।
গ্রামের আরও কয়েকজন বাসিন্দা জানান, শুধু নারিকেল বা সুপারী নয়, বিভিন্ন মৌসুমি ফসল, গৃহস্থালির মালামাল এবং বিদ্যুৎ সংক্রান্ত সরঞ্জামও চুরির শিকার হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, চুরি ও বিদ্যুৎ সংক্রান্ত অবকাঠামো নষ্ট করার ঘটনা শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। বিদ্যুৎ সংযোগের তার কেটে নেওয়ার ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। দেশে বিদ্যুৎ অবকাঠামোতে চুরি ও অবৈধ হস্তক্ষেপ দীর্ঘদিনের একটি সমস্যা বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি রামদী গ্রামে রাত্রীকালীন পুলিশ’র টহল জোরদার,বিদ্যুৎ সংযোগ ও কৃষিজ সম্পদ চুরির ঘটনায় তদন্ত, সংঘবদ্ধ চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবী জানান।

