নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের নতুন সেন্টার উদ্বোধন

Date:

স্বাস্থ্য ডেস্ক :: সবার জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিস্চিত করার লক্ষ্যে নোয়াখালীতে নতুন সেন্টার চালু করেছে ব্র্যাক হেলথকেয়ার। দেশজুড়ে প্রতিষ্ঠানটির এটি পঞ্চম সেন্টার এবং ঢাকার বাইরে প্রথম। নতুন এই সেন্টারের মাধ্যমে নোয়াখালী ও আশপাশের এলাকার মানুষের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হলো।

আজ ১৫ অক্টোবর নোয়াখালীর মাইজদী কোর্টের নিউ বাসস্ট্যান্ড, মেইন রোডের হাউস নম্বর ৫২৩-এ অবস্থিত সেন্টারটির উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের সিনিয়র ডিরেক্টর ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের হেড অব হেলথ এন্টারপ্রাইজেস ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী।

নতুন এই সেন্টারে একই ছাদের নিচে ফ্যামিলি মেডিসিন, প্রাথমিক চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য ও সুস্থতাসেবা, পুষ্টি পরামর্শ, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার এবং ডায়াগনস্টিক সেবাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। সবার জন্য উন্মুক্ত এই সেন্টারের লক্ষ্য হলো আন্তরিক ও যত্নশীল পরিবেশে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, “স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানবিক হওয়া জরুরি। এই বিশ্বাস থেকেই ২০২৩ সালে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু হয়। আমাদের কাছে এটি শুধু একটি নতুন সেন্টারের উদ্বোধন নয়; বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। গত তিন বছরে আমরা আমাদের স্বাস্থ্যসেবা মডেল তৈরি করেছি এবং ধারাবাহিকভাবে এর উন্নয়ন করেছি। আজ ঢাকার বাইরের মানুষের কাছে এই মডেল পৌঁছে দেওয়ার যাত্রা শুরু হলো।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো এমন একটি বিশ্বস্ত স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা, যা বাংলাদেশের মানুষের কাছে নৈতিক, সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। সামনে আমরা নতুন নতুন শহরে পৌঁছাতে চাই, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে চাই এবং তাঁদের প্রাপ্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।”

মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “ব্র্যাক হেলথকেয়ারে আমরা শুধু চিকিৎসাসেবা প্রদান করি না; প্রতিটি সেবা আন্তরিকতা ও সম্মানের সঙ্গে দেওয়ার চেষ্টা করি। রোগীর সুস্থতা আমাদের প্রতিটি কার্যক্রমের কেন্দ্রে রয়েছে। সহমর্মিতার সঙ্গে মানুষের পাশে থাকা, রোগীকেন্দ্রিক সেবা নিশ্চিত করা এবং প্রতিটি পর্যায়ে সহানুভূতি ও সম্মানের সংস্কৃতি গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সেন্টারটিতে ন্যায্য মূল্যে ওষুধ সরবরাহের জন্য একটি আধুনিক মডেল ফার্মেসিও রয়েছে। পাশাপাশি ব্র্যাক হেলথকেয়ার টেলিমেডিসিন সেবা, বাসা থেকে নমুনা সংগ্রহ এবং প্রয়োজনীয় ওষুধ সাশ্রয়ী মূল্যে বাসায় পৌঁছে দেওয়ার সুবিধা প্রদান করে।

২০২৩ সালে ঢাকার মিরপুরে প্রথম সেন্টারের মাধ্যমে ব্র্যাক হেলথকেয়ারের কার্যক্রম শুরু হয়। এরপর প্রতিষ্ঠানটি উত্তরা, সিদ্ধেশ্বরী ও বাড্ডায় আরও তিনটি সেন্টার চালু করে। প্রতিষ্ঠার পর থেকে তিন বছরের কিছু বেশি সময়ে বিদ্যমান সেন্টারগুলোতে ৪ লাখ ৫০ হাজারের বেশি রোগীকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময়ে ৯৮ হাজারের বেশি চিকিৎসক পরামর্শ প্রদান করা হয়েছে এবং রোগীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশের বেশি বলে জানিয়েছে ব্র্যাক হেলথকেয়ার।

বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য রোগীরা ব্র্যাক হেলথকেয়ারের মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে নিজেদের চিকিৎসার ইতিহাস অনুসরণ করা এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও গ্রহণ করা যাবে।

নোয়াখালীতে নতুন সেন্টার চালুর মাধ্যমে ব্র্যাক হেলথকেয়ার ঢাকার বাইরে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী, নৈতিক, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

সুফ্ফা মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুফ্ফা মডেল মাদরাসায়...

মাওলানা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শাহজান, সেক্রেটারী দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজার (রংমালা) পরিচালনা কমিটির...

মাওলানা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শাহজান, সেক্রেটারী দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজার (রংমালা) পরিচালনা কমিটির...

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় এক বৃদ্ধকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায়...