স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব: ইতিহাস’র নায়ক, আজ নিভৃত ঘরে অসুস্থ

Date:

এএইচএম মান্নান মুন্না
পুরো নাম আবু সায়েদ মোহাম্মদ আব্দুর রব। তবে পরিবারের সবার কাছে তিনি ছিলেন আদরের ‘লেদু মিয়া’। আঞ্চলিক ভাষায় ‘লেদু’ ডাকনামটি যেমন স্নেহ ও ভালোবাসার বহিঃপ্রকাশ, তেমনি এই নামের আড়ালে বেড়ে ওঠা মানুষটি একদিন হয়ে উঠেছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায়ের রচয়িতা।
নোয়াখালীর চরাঞ্চলে জন্ম নেওয়া মেধাবী এই মানুষটির শৈশব কেটেছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। শিক্ষার প্রতি প্রবল আগ্রহ তাঁকে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে অনুপ্রাণিত করেছে। সেই অদম্য ইচ্ছাশক্তি, মেধা, সাহস ও নেতৃত্বের গুণাবলি তাঁকে ছাত্রজীবনেই নিয়ে যায় ইতিহাসের গুরুত্বপূর্ণ মঞ্চে। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি হয়ে ওঠেন বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের অন্যতম সাহসী সংগঠক।
একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখা, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সংগঠিত হওয়া এবং পরাধীনতার শৃঙ্খল ভাঙার লড়াইয়ে নিজেকে উৎসর্গ করা—আ স ম আব্দুর রব’র রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় যেন বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রসমাজকে সংগঠিত করা ও শেখ মুজিবুর রহমান’র ছয় দফার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছাত্ররাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে তিনি রেখেছেন সাহসী পদচিহ্ন।
১৯৭০ সালের নির্বাচনের পর বাঙালির রাজনৈতিক ইতিহাস যখন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন আ স ম আব্দুর রব। এরপর আসে সেই ঐতিহাসিক দিন—১৯৭১ সালের ২ মার্চ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঐতিহাসিক বটতলায় লাখো মানুষের উপস্থিতিতে তাঁর হাত ধরেই প্রথমবারের মতো উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। সবুজ জমিনের ওপর লাল বৃত্ত, তার মধ্যে সোনালি মানচিত্র—এই পতাকা ছিল একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন, সাহস ও আত্মপরিচয়ের প্রতীক।
সেদিনের সেই পতাকা উত্তোলন কেবল একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না,এটি ছিল বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রকাশ্যে ঘোষণার এক ঐতিহাসিক মুহূর্ত। পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আ স ম আব্দুর রব ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে নেন।
পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে তাঁর ছাত্ররাজনৈতিক সংগ্রাম, সাহসী নেতৃত্ব ও ঐতিহাসিক ভূমিকা তাঁকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
বিশ্বের ইতিহাসে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার প্রতীকী পতাকা উত্তোলনের ঘটনা বিরল। নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে ভারতের স্বাধীনতার প্রতীকী পতাকা উত্তোলন করেছিলেন। আর ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আ স ম আব্দুর রব উত্তোলন করেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। সময়, প্রেক্ষাপট ও ইতিহাস আলাদা হলেও এই দুটি ঘটনা উপমহাদেশের স্বাধীনতার ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।
প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির গল্প কি বেশি?
যে মানুষটি একটি স্বাধীন দেশের জন্মলগ্নের ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে রেখেছেন, সেই মানুষটির রাজনৈতিক জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। স্বাধীনতার জন্য তাঁর অবদান, ত্যাগ ও সাহসিকতার যথাযথ মূল্যায়ন হয়েছে কি না, তা নিয়ে আলোচনা ও বিতর্ক থাকতেই পারে।
কিন্তু একজন মানুষের রাজনৈতিক প্রাপ্তি দিয়ে তাঁর ঐতিহাসিক অবদানকে পরিমাপ করা যায় না। রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষমতা কিংবা পদ-পদবি ইতিহাসের সব অবদানের যথার্থ প্রতিদান হতে পারে না।
আ স ম আব্দুর রব’র রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারীদের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গর্বের প্রতীক, সাহসের অনুপ্রেরণা এবং স্বাধীনতার ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তাঁর রাজনৈতিক কর্মীরা আজও গর্ব করে বলতে চান—আমরা আ স ম আব্দুর রবের রাজনৈতিক কর্মী।
ইতিহাসের নায়ক আজ অসুস্থ, ঘরবন্দি
যে মানুষটি একদিন লাখো মানুষের সামনে স্বাধীনতার পতাকা তুলে ধরেছিলেন, যাঁর কণ্ঠ ও নেতৃত্বে রাজপথে উচ্চারিত হয়েছিল অধিকার ও স্বাধীনতার দাবি, জীবনের এই প্রান্তে এসে সেই মানুষটিই আজ ভীষণ অসুস্থ। ঘরবন্দি অবস্থায় কাটছে তাঁর সময়।
সময় কত নির্মম! একদিন যিনি ছিলেন রাজপথের সাহসী নেতৃত্বের অন্যতম মুখ, যাঁর হাত ধরে স্বাধীনতার পতাকা প্রথমবারের মতো উড়েছিল বাংলাদেশের আকাশে, আজ তাঁকে ঘিরে রয়েছে অসুস্থতা ও নিভৃত জীবন।
তাঁর এই অসুস্থতা কেবল তাঁর পরিবার, স্বজন কিংবা রাজনৈতিক সহযোদ্ধাদের জন্যই বেদনাদায়ক নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতাসংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রতি আমাদের দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দেয়।
স্বাধীনতার ইতিহাস শুধু স্মৃতিচারণের বিষয় নয়, ইতিহাসের নির্মাতাদের যথাযথ সম্মান দেওয়াও একটি জাতির নৈতিক দায়িত্ব। জীবদ্দশায় তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাঁদের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের সংগ্রাম ও ইতিহাস তুলে ধরা প্রয়োজন।
আ স ম আব্দুর রব’র সুস্থতা কামনা করি। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে তাঁর অবদান যথাযথ মর্যাদায় মূল্যায়িত হোক।
কারণ, মানুষ একদিন পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু ইতিহাসে রেখে যাওয়া তাঁর কীর্তি কখনো হারিয়ে যায় না। আ স ম আব্দুর রবও তেমনই একজন মানুষ—যাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনের এক অবিস্মরণীয় ইতিহাস।
তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ও নির্মাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসনের গেট টুগেদার,সৌহার্দ্য-সম্প্রীতির আবহে অংশ নিলেন সহস্রাধিক অতিথি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠান...

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ, উন্মোচিত হলো ম্যাগাজিন

নোয়াখালী প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনক এর...

দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব

নোয়াখালী প্রতিনিধি:বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে...

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...