সন্তানের কর্মকাণ্ডে কতটা ঝুঁকিতে রাজনৈতিক নেতার ভাবমূর্তি:

Date:

মুক্তমত:

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, প্রভাব ও রাজনৈতিক পরিচয়কে ঘিরে বিতর্ক নতুন কোনো বিষয় নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের নেতা, মেয়র, সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীর সন্তানদের নানা কর্মকাণ্ড জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। অনেক ক্ষেত্রে সন্তানের বিতর্কিত কর্মকাণ্ডের প্রভাব গিয়ে পড়েছে বাবা-মায়ের রাজনৈতিক ভাবমূর্তি ও দীর্ঘদিনের অর্জনের ওপর।

একজন রাজনৈতিক নেতা কিংবা জনপ্রতিনিধি বছরের পর বছর মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, রাজনৈতিক সংগ্রাম করেন এবং নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের অবস্থান তৈরি করেন। কিন্তু সেই দীর্ঘ পথচলার মাঝে পরিবারের কোনো সদস্য বিশেষ করে সন্তান ক্ষমতা, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের অপব্যবহারে জড়িয়ে পড়লে মুহূর্তেই প্রশ্নের মুখে পড়তে পারে পুরো পরিবার।

সন্তানের কোনো অপরাধ বা অপকর্মের দায় আইনগতভাবে সরাসরি তার বাবা-মায়ের ওপর বর্তায় না। প্রত্যেক ব্যক্তিই তার নিজের কর্মকাণ্ডের জন্য দায়ী। কিন্তু রাজনীতির বাস্তবতা কিছুটা ভিন্ন। কারণ একজন নেতার পরিবার, ঘনিষ্ঠজন ও সন্তানদের আচরণ সাধারণ মানুষ প্রায়ই তার রাজনৈতিক সংস্কৃতি ও নেতৃত্বের সঙ্গে মিলিয়ে দেখেন। ফলে সন্তানের বিতর্কিত কর্মকাণ্ড থেকে অভিভাবকের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

বিশেষ করে কোনো সন্তান যদি বাবার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, কর্তৃত্ব প্রতিষ্ঠা কিংবা সাধারণ মানুষের ওপর অযাচিত প্রভাব খাটানোর চেষ্টা করে, তখন বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। তখন প্রশ্ন ওঠে—সন্তানের কর্মকাণ্ডে রাজনৈতিক নেতার সম্মতি আছে কি না, নাকি তার প্রভাবকে ব্যবহার করে সন্তান নিজেই একটি ক্ষমতার বলয় তৈরি করছে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা দেখিয়েছে, কর্তৃত্ববাদী আচরণ, ক্ষমতার অপব্যবহার এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া কোনো রাজনৈতিক শক্তির জন্যই দীর্ঘমেয়াদে ভালো ফল বয়ে আনে নি। ক্ষমতা যতই শক্তিশালী মনে হোক, দলীয়কর্মী ও জনগণের আস্থা হারিয়ে গেলে সেই শক্তির ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

এ কারণেই রাজনৈতিক পরিবারগুলোর জন্য সন্তানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতার রাজনৈতিক পরিচয় সন্তানের জন্য যেমন দায়িত্বের, তেমনি সন্তানের কর্মকাণ্ডও পিতার রাজনৈতিক ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক পরিচয় যদি সেবার পরিবর্তে কর্তৃত্ব প্রতিষ্ঠার হাতিয়ার হয়ে ওঠে, তাহলে তা শুধু একজন ব্যক্তিকে নয়—পুরো পরিবার ও রাজনৈতিক ক্যারিয়ারকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও এখন অনেকের নজর এই বিষয়টির দিকে। রাজনৈতিক পরিবারের সন্তানরা ভবিষ্যতে কীভাবে নিজেদের পরিচালনা করেন, তারা রাজনৈতিক পরিচয়কে মানুষের সেবায় ব্যবহার করেন নাকি ব্যক্তিগত প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন—সেদিকেই তাকিয়ে আছে স্থানীয় সাধারণ মানুষ।

কোম্পানীগঞ্জের মানুষের প্রত্যাশা, রাজনৈতিক নেতাদের সন্তানরা বাবার পরিচয়ের সুবিধা নেওয়ার চেয়ে বাবার অর্জিত সম্মান রক্ষা করার দায়িত্বকেই বেশি গুরুত্ব দেবেন। কারণ একটি পরিবারের রাজনৈতিক সুনাম গড়ে তুলতে বছরের পর বছর সময় লাগলেও, বিতর্কিত একটি ঘটনা সেই সুনামে বড় ধরনের দাগ ফেলতে পারে।

রাজনীতিতে উত্তরাধিকার শুধু পদ-পদবি বা ক্ষমতার উত্তরাধিকার নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে আচরণ, মূল্যবোধ, জনসম্পৃক্ততা ও দায়িত্ববোধের উত্তরাধিকার। তাই একজন রাজনৈতিক নেতার সন্তান যদি বাবার পরিচয়কে সম্মানের সঙ্গে বহন করেন, তা পরিবারের জন্য গৌরবের। বিপরীতে সেই পরিচয়কে কর্তৃত্বের অস্ত্র হিসেবে ব্যবহার করলে পিতার রাজনৈতিক ক্যারিয়ারেও তার নেতিবাচক ছাপ পড়া অনিবার্য হয়ে উঠতে পারে।

শেষ পর্যন্ত রাজনীতিতে জনগণই সবচেয়ে বড় বিচারক। পদ, ক্ষমতা কিংবা পারিবারিক প্রভাব দিয়ে হয়তো কিছু সময়ের জন্য মানুষের সমালোচনা এড়িয়ে যাওয়া যায়; কিন্তু দীর্ঘমেয়াদে মানুষের স্মৃতি ও মূল্যায়ন থেকে কোনো কর্মকাণ্ড সহজে মুছে যায় না।
তাই রাজনৈতিক নেতাদের জন্য এখনই সবচেয়ে জরুরি প্রশ্ন—সন্তান কি পিতার রাজনৈতিক পরিচয়ের ভার বহন করছে, নাকি সেই পরিচয়ের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে?
কোম্পানীগঞ্জের মানুষও হয়তো সেই উত্তরই দেখার অপেক্ষায়।

এএইচএম মান্নান মুন্না
সভাপতি
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব,নোয়াখালী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান গোলাম হাবিবের সাক্ষাৎ

টাইম ডেস্ক:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও চরকাঁকড়া ইউনিয়নের...

দালালমুক্ত ভূমি অফিস গড়তে সর্বোচ্চ চেষ্টা করেছি: বিদায়ী এসিল্যান্ড রুবাইয়া

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিদায় নেওয়ার আগে...

কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত হয়েছে। এ...

বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, জিপিএ-৫ পাওয়া সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প

হাতিয়া প্রতিনিধি:নানা প্রতিকূলতা আর অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড়...